সারাদেশ
বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে সাঁতরে মেঘনা নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে মো. সেলিম নিহত হন। নিহত সেলিম চরডুমুরিয়া এলাকার মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র আরও জানায়, দুই পক্ষের নেতৃত্বে থাকা রহিম মোল্লা ও আওলাদ মোল্লা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। রাজনৈতিক প্রভাব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাঁদের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সংঘর্ষের সময় আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি সাঁতরে মেঘনা নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝনদীতে নিখোঁজ হন। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সংঘর্ষের সময় নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলমগীর দেওয়ান নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।