জাতীয়
প্রাণিসম্পদ খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের বিকাশে সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। সরকার আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ মোট দেশজ উৎপাদনে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
প্রধানমন্ত্রী জানান, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে। বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। প্রাণিসম্পদ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। এ খাতের সাফল্যের জন্য খামারিদেরও ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে এবং বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
তারেক রহমান বলেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। এ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করছে সরকার।
পোলট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা আশাব্যঞ্জক। এ খাতে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছেন। পোলট্রি শিল্পের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপাখির চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের অন্যতম প্রধান অন্তরায় বিভিন্ন রোগবালাই। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে পশু চিকিৎসায় ১৭টি রোগের টিকা উৎপাদন করছে, যদিও তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক টিকা উৎপাদন কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মধ্যে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে। এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎসও হয়ে উঠেছে। তবে মানুষের পাশাপাশি পশুপাখির অধিকার সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।
তিনি বলেন, প্রাণীর ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্তি, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা, স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে। মানবিক মানুষ হিসেবে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রত্যেকের দায়িত্ব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা উল্লেখ করে তারেক রহমান বলেন, খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।