আইন আদালত

আওয়ামী লীগকে বিলুপ্ত ও ফেসবুক-ইউটিউবে ‘ব্লক’ চেয়ে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

আওয়ামী লীগকে বিলুপ্ত ও ফেসবুক-ইউটিউবে ‘ব্লক’ চেয়ে রিট
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে বিলুপ্ত করা, দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে পরিচালিত পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল ব্লক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার দাবিও জানানো হয়েছে রিট আবেদনে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির হাইকোর্টে এ রিট দায়ের করেন। আবেদনকারীরা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং বর্তমানে শরীরে গুলির আঘাত বহন করছেন। তাঁরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে হেলথ কার্ডধারী। রিটে এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তি ও জনস্বার্থে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদনটি করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সংসদে আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে এসব সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

আবেদনে আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগসহ দলটির সঙ্গে সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া যে নামেই পরিচিত হোক না কেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অন্য সংগঠনগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কার্যক্রম ও প্রচারণা বন্ধের বিষয়েও রিটে বিশেষ নির্দেশনা চাওয়া হয়েছে। এতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল এবং দলটির প্রচার-প্রচারণাসংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সহিংসতা উসকে দেয়, এমন যেকোনো কনটেন্টের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, টেলিভিশনের টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার করছেন বা সেগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ধরনের বক্তব্য প্রচারকারী ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির প্রচার-প্রচারণাসংশ্লিষ্ট সব কনটেন্ট অপসারণ বা ব্লক করার বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, সহযোগিতা ও মদদ দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, তথ্যসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে।

রিট আবেদনে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ এবং আদালতের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করছে বিষয়টির অগ্রগতি।