বিনোদন
ডিভোর্স হয়নি আমাদের: ন্যান্সি
আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী ও গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আলাদা থাকার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। তবে তাঁদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মহসীন মেহেদীর সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্তের কথা জানান ন্যান্সি। সেখানে তিনি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’
ন্যান্সির এই স্ট্যাটাস প্রকাশ্যে আসার পরপরই শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর এই বক্তব্যকে স্বামী মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত হিসেবে ধরে নেন। খবরটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ন্যান্সি তাঁর ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেন। পরবর্তী সময়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট দেখা যায়। এতে তাঁদের সম্পর্কের অবস্থা নিয়ে তৈরি হয় আরও বেশি কৌতূহল।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চ্যানেল ২৪ অনলাইনের সঙ্গে আলাপকালে পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ন্যান্সি। তিনি জানান, স্বামী মহসীন মেহেদীর সঙ্গে তাঁদের এখনো ডিভোর্স হয়নি। তাঁরা আপাতত আলাদা থাকছেন মাত্র। আলাদা থাকা এবং বিবাহবিচ্ছেদকে এক করে দেখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়া এবং নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’
স্ট্যাটাসের ভাষা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে “আমাদের আলাদা” হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণ জানিয়ে ন্যান্সি বলেন, স্ট্যাটাসটি মুছে ফেলার পরও তিনি লক্ষ্য করেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ও বিভ্রান্তিকর আলোচনা চলছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেন তিনি।
বিবাহবিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ তুলে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসীন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
ন্যান্সির এই বক্তব্যের মধ্য দিয়ে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া বিবাহবিচ্ছেদের গুঞ্জনে আপাতত ইতি টানার চেষ্টা দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে বর্তমানে আলাদা থাকলেও তাঁদের আইনগতভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও এবার আলাদা থাকার ঘোষণা ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা দম্পতি।