রাজনীতি
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে সবচেয়ে বেশি চাপে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বড় বিপদের মুখে পড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দলটির অনেক নেতাকর্মীর মালিকানাধীন মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি দলের অনেকেই এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্নভাবে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে-এমন বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন গণঅধিকার পরিষদের সভাপতি। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রায় ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুরুল হক নুর আরও বলেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে দেশের শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, নিজেদের রাজনৈতিক বা সামাজিক বলয়ের কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় কিংবা সহযোগিতা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। তাঁর দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অর্থ ব্যয় করা হচ্ছে।
সরকারি উন্নয়নকাজ ও দরপত্র প্রক্রিয়া নিয়েও কথা বলেন নুর। তিনি অভিযোগ করেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে অতীত অভিজ্ঞতার শর্ত বহাল থাকায় এখনো প্রায় ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। এর ফলে নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরকারি উন্নয়নকাজে অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
নুরুল হক নুর বলেন, নতুন উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ তৈরি করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে। তাই সরকারি দরপত্রে অংশগ্রহণের জন্য তিনি নতুন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, দরপত্র প্রক্রিয়ায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা গেলে নতুন উদ্যোক্তারা এগিয়ে আসার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। এতে বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।