রাজধানী

রাজধানীর পল্লবীতে পার্কিং করা মধুমতী পরিবহনের বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

রাজধানীর পল্লবীতে পার্কিং করা মধুমতী পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাসটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে বাসটির একাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকার ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে একটি মধুমতী পরিবহনের বাস পার্কিং করা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটিতে আগুন দেওয়ার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। বাসটিতে কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।