সারাবিশ্ব

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ক্ষমতাচ্যুত দেখতে চান ট্রাম্প-নেতানিয়াহু, নেপথ্যে কী কারণ?


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ক্ষমতাচ্যুত দেখতে চান ট্রাম্প-নেতানিয়াহু, নেপথ্যে কী কারণ?
ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে ক্ষমতা থেকে সরাতে রাশিয়ার চেয়েও বেশি আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপ ও লাতিন আমেরিকার তাঁদের মিত্ররা। আন্তর্জাতিক রাজনীতিতে স্পেনের বর্তমান সরকারের অবস্থান, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়, ইরান ইস্যু এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা-এসব কারণেই সানচেজের সরকারের ওপর পশ্চিমা রাজনীতির একটি প্রভাবশালী অংশের অসন্তোষ তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এমন চিত্র উঠে এসেছে।

নিবন্ধে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বর স্পেনের সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত ২ নভেম্বর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস অভিযোগ করেন, দেশটির নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি শক্তি। যদিও তিনি সরাসরি কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি, তবে তাঁর দাবি, এসব শক্তির পছন্দের তালিকায় রয়েছে উগ্র ডানপন্থি রাজনৈতিক দলগুলো।

বিভিন্ন জনমত জরিপের বরাতে নিবন্ধে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং উগ্র ডানপন্থি ভক্স পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। এমন পরিস্থিতিতে দল দুটি জোট সরকার গঠন করতে সক্ষম হলে দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে। এর ফলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে তাঁর নেতৃত্বে সমাজতান্ত্রিক দল পিএসওই এবং বামপন্থি সুমার পার্টির সমন্বয়ে গঠিত জোট সরকার দেশ পরিচালনা করছে।

আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কারণে স্পেনের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মস্কো চাইলেই স্পেনের সরকার পরিবর্তনের মাধ্যমে ইউক্রেন ইস্যুতে দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে, এমন সম্ভাবনা তুলনামূলকভাবে কম। বরং সানচেজ সরকারের পতন হলে রাজনৈতিক ও কৌশলগতভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর অন্যতম কারণ ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্পের সঙ্গে সানচেজ সরকারের মতবিরোধ। ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলোকে সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। ২০২৫ সালে ন্যাটোর ৩২ সদস্যের মধ্যে স্পেনই একমাত্র দেশ হিসেবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রস্তাবে সম্মতি দেয়নি। স্পেনের এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের সম্পর্কে অস্বস্তি তৈরি করে। ফলে ন্যাটোর সামরিক ব্যয় ও নিরাপত্তানীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সানচেজ সরকারের দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।

ইরান ইস্যুতেও দুই দেশের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলা চালানোর জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় সহযোগিতা না করার এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অসন্তোষের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়াশিংটনের সামরিক ও কৌশলগত অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে না চলার কারণে সানচেজ সরকার যুক্তরাষ্ট্রের কাছে ক্রমেই অস্বস্তিকর অংশীদার হয়ে উঠেছে বলে বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সানচেজ সরকারের কঠোর অবস্থান নেতানিয়াহু সরকারের সঙ্গে স্পেনের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে স্পেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বিরোধিতা এবং অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশের তুলনায় স্পেন একটি স্বতন্ত্র অবস্থান নেয়। ফলে ইসরায়েল সরকারের সঙ্গে মাদ্রিদের কূটনৈতিক ও রাজনৈতিক দূরত্ব আরও বেড়ে যায়।

শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়, লাতিন আমেরিকার উগ্র ডানপন্থি নেতাদের কাছেও সানচেজ একজন রাজনৈতিক বিরোধী হিসেবে পরিচিত। বিশেষ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিভিন্ন সময়ে স্পেনের প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী আখ্যা দিয়ে আক্রমণ করেছেন। আদর্শিক অবস্থান, রাজনৈতিক দর্শন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে লাতিন আমেরিকার ডানপন্থি রাজনীতির একটি অংশও সানচেজের বিরোধিতায় সরব।

বিশ্লেষকদের মতে, স্পেনের আসন্ন নির্বাচনের ফলাফল শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেই প্রভাব ফেলবে না, বরং ইউরোপের বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। পেদ্রো সানচেজ ক্ষমতা হারালে ইউরোপীয় ইউনিয়নে প্রগতিশীল ও বামপন্থি রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ দুর্বল হয়ে পড়বে। একই সঙ্গে পিপলস পার্টি ও ভক্স পার্টির সমন্বয়ে ডানপন্থি জোট সরকার গঠিত হলে ইউরোপের রাজনীতিতে উগ্র ডানপন্থিদের প্রভাব ও গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে।

সব মিলিয়ে স্পেনের নির্বাচনকে ঘিরে লড়াই এখন কেবল ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ নেই। ন্যাটোর সামরিক নীতি, ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, ফিলিস্তিন ইস্যু এবং ইউরোপের রাজনৈতিক ভবিষ্যৎ-সবকিছুই এই নির্বাচনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে। আল-জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, সানচেজের সম্ভাব্য বিদায় ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য কৌশলগত স্বস্তির কারণ হতে পারে। তবে শেষ পর্যন্ত স্পেনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশটির ভোটাররাই।