রাজনীতি
দেশ এগিয়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্টরা: আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে চলেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন, অগ্রগতি ও অর্জন দৃশ্যমান হতে শুরু করেছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। একই সঙ্গে চীন ও জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এসব উদ্যোগ দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।
দেশের চলমান অগ্রগতি ও অর্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন পতিত ও পলাতক ফ্যাসিস্টরা এতে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন খাতে ষড়যন্ত্র, চক্রান্ত, অরাজকতা ও অস্থিরতা তৈরির মাধ্যমে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
আমানউল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা রুখে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে। দেশের মানুষ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে জনগণ সম্মিলিতভাবে কাজ করবে।
যৌথ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ যৌথ সভায় অংশ নেন।