রাজনীতি

শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতা ও রক্তপাত সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতা ও রক্তপাত সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি ও রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি। তাঁর নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্ট অংশ দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চলছে।

এসব সহিংসতায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন রিজভী। তাঁর বক্তব্য অনুযায়ী, নিহতদের মধ্যে কৃষক দলের দুজন নেতা এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। বরং ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে রিজভী বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের বিষয়েও ইতিবাচক বক্তব্য দিয়েছেন তিনি। রিজভীর মতে, এসব বক্তব্যের ফলে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে।

এ সময় ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যেরও তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, লাখো মানুষের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করা হবে। দেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিজয়ের মাস ডিসেম্বর উদ্‌যাপনের কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বিএনপি মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্‌যাপন শুরু করবে। এ উপলক্ষে বড় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্বোধনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব এসএম জাহাঙ্গীর।

এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।