বিনোদন
নিষেধাজ্ঞা ও বিতর্কের মধ্যেই এক মঞ্চে হানি সিং ও আতিফ আসলাম
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দুই দেশের বিনোদন অঙ্গনেও পড়েছে। এর মধ্যেই দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেছে ভারতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং ও পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামকে। তাদের আনন্দঘন মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এই দুই সংগীতশিল্পী। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম তাদের একসঙ্গে নাচের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে পাকিস্তানি গায়ক আবরার উল হকের গানের তালে হানি সিং ও আতিফ আসলামকে নাচতে দেখা যায়। এ সময় বর ও কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আনন্দ উল্লাসেও মেতে ওঠেন তারা।
ভিডিওটি প্রকাশ করে সাদিক সেলিম জানান, বন্ধুর বিয়েতে হানি সিং ও আতিফ আসলাম প্রায় পুরো রাতই নাচ গান ও আনন্দে কাটিয়েছেন। হানি সিংয়ের উপস্থিতি ও প্রাণবন্ত আচরণের প্রশংসা করেন তিনি। অন্যদিকে আতিফ আসলামকে বরাবরের মতো শান্ত ও প্রচারবিমুখ হিসেবে বর্ণনা করেন সাদিক। কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছিলেন এই গায়ক।
সাদিকের পোস্টে দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দূরত্বের প্রসঙ্গও উঠে আসে। ভারতে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ও কনটেন্ট নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা চলার মধ্যে একই অনুষ্ঠানে দুই দেশের শিল্পীর এমন বন্ধুত্বপূর্ণ উপস্থিতিকে সংগীত ও সৌহার্দ্যের প্রকাশ হিসেবে দেখছেন অনেকে।
এদিকে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’ এর ট্রেলার প্রকাশের পর ভারতে এটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খান।
এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার ই নিজাত’ এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়েছিল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।