সারাদেশ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। সংঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম নামের একজন নিহত হয়েছেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সপ্তাহেও পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায়।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। এতে কয়েকজন আহত হন। গুরুতর আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।