জাতীয়

ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই কর্মকর্তা হলেন ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

ডিবি সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত রয়েছেন। তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই কর্মকর্তার মধ্যে আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য কর্মকর্তা রাকিবুল হাসানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এসআরবি ১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি।