সারাবিশ্ব

চীনকে চাপে রাখতে সামরিক সহযোগিতা জোরদার করছে ভারত-জাপান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

চীনকে চাপে রাখতে সামরিক সহযোগিতা জোরদার করছে ভারত-জাপান
ছবি: সংগৃহীত

চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধে কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে ভারত ও জাপান। ভৌগোলিকভাবে দুই দেশের অবস্থান ভিন্ন হলেও চীনের সামরিক তৎপরতা, সীমান্ত বিরোধ এবং সমুদ্রসীমায় প্রভাব বিস্তারের চেষ্টা তাদের অভিন্ন নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বেইজিংয়ের প্রভাব মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ সামরিক মহড়া, প্রযুক্তি বিনিময় ও সামরিক রসদ ব্যবহারের সুযোগ বাড়াচ্ছে নয়াদিল্লি ও টোকিও। সাম্প্রতিক একাধিক চুক্তি ও উদ্যোগে স্পষ্ট হয়েছে, দুই দেশের সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বে সীমাবদ্ধ নেই; বরং তা ক্রমেই বাস্তব সামরিক সহযোগিতার দিকে এগোচ্ছে।

এই সহযোগিতার সর্বশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসে গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ (২+২) পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে। বৈঠকে দুই দেশ একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা অভিপ্রায়পত্রে স্বাক্ষর করে। এর আওতায় প্রথমবারের মতো জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স ভারতের সামরিক ফায়ারিং রেঞ্জ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতে পারে। বিশেষ করে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্রের প্রশিক্ষণে এই উদ্যোগ জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ভারতের সামরিক অবকাঠামো ব্যবহারের সুযোগ দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত আস্থারও বহিঃপ্রকাশ।

চীনের সামরিক আধুনিকায়ন, নৌবাহিনীর সম্প্রসারণ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং বিতর্কিত অঞ্চলগুলোতে কঠোর অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ভারত ও জাপান ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকায় চীনের প্রভাব বিস্তারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ভারতের প্রধান উদ্বেগ হিমালয় সীমান্তকেন্দ্রিক। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে সামরিক উত্তেজনা এবং সীমান্তে সেনা মোতায়েন দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো সম্প্রসারণ, বিমানঘাঁটি উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিও ভারতের নিরাপত্তা পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি করছে।

এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক নয়াদিল্লির উদ্বেগ আরও বাড়িয়েছে। ভারতের আশঙ্কা, ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো বড় ধরনের সংঘাত তৈরি হলে পাকিস্তানও সেই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে। ফলে ভারতকে একই সময়ে দুই সীমান্তে সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি রাখতে হচ্ছে। অন্যদিকে জাপানের নিরাপত্তা উদ্বেগ মূলত পূর্ব চীন সাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং তাইওয়ানকে ঘিরে। জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা সেনকাকু দ্বীপপুঞ্জকে চীন দিয়াওয়ু দ্বীপপুঞ্জ নামে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। এসব দ্বীপের আশপাশে চীনা কোস্টগার্ডের নিয়মিত টহল এবং সামরিক তৎপরতা টোকিওর উদ্বেগের অন্যতম কারণ। এ ছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি তাইওয়ান ঘিরে চীনের সামরিক কর্মকাণ্ডও দেশটির নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারত ও জাপান একটি মুক্ত, অবাধ ও নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিচ্ছে। যদিও দুই দেশের সরকার সরাসরি এই সহযোগিতাকে চীনবিরোধী সামরিক জোট হিসেবে আখ্যায়িত করছে না, তবে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক যোগাযোগ, সমুদ্র নজরদারি, পারস্পরিক রসদ সহায়তা এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের উদ্যোগে চীনকে কৌশলগতভাবে মোকাবিলার বিষয়টি স্পষ্ট। তাদের মূল লক্ষ্য সরাসরি সংঘাতে জড়ানো নয়; বরং আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টাকে কঠিন ও ব্যয়বহুল করে তোলা।

ভারত ও জাপানের বর্তমান কৌশলগত সহযোগিতার পেছনে রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক। ১৯৫২ সালের ২৮ এপ্রিল দুই দেশ শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে ২০০০ সালে সম্পর্ককে ‘গ্লোবাল পার্টনারশিপ’ এবং ২০০৬ সালে ‘স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’-এ উন্নীত করা হয়। ২০০৮ সালের অক্টোবরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিরক্ষা বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার আনুষ্ঠানিক কাঠামো তৈরি হয়।

২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুই দেশের সম্পর্ককে ‘স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’-এ উন্নীত করেন। এরপর ধারাবাহিক কয়েকটি চুক্তি ও সমঝোতার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। ২০১৪ সালে প্রতিরক্ষা বিনিময় ও প্রশিক্ষণসংক্রান্ত সমঝোতা স্মারক এবং ২০১৫ সালে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর এবং গোপন সামরিক তথ্য সুরক্ষার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৮ সালে ভারতীয় নৌবাহিনী ও জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।

দুই দেশের সামরিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটি হলো ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট’ (আকসা)। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ২০২১ সালের ১১ জুলাই কার্যকর হয়। এর আওতায় ভারত ও জাপানের সামরিক বাহিনী একে অপরকে জ্বালানি, খাদ্য, পরিবহন, রক্ষণাবেক্ষণ ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের রসদ ও সেবা সরবরাহ করতে পারে। ফলে দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়া, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং বিভিন্ন অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখা আগের তুলনায় সহজ হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ভারত-জাপান অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়। ভারত ও জাপান উভয় দেশই এই সমুদ্রপথের নিরাপত্তা এবং অবাধ নৌ-চলাচলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি, সাবমেরিন মোতায়েন এবং বিভিন্ন দেশে বন্দর ও সামুদ্রিক অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি ও টোকিও।

গত ২০ আগস্ট জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির নয়াদিল্লি সফরের সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় সামুদ্রিক অঞ্চল সম্পর্কে তথ্য আদান-প্রদান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, সমুদ্রপথের যোগাযোগ নিরাপদ রাখা, নৌযান সফর এবং পারস্পরিক লজিস্টিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সমুদ্রের নিচে পুঁতে রাখা মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, যৌথভাবে নৌযানের নকশা তৈরি, জাহাজ নির্মাণ এবং মেরামতের জন্য একে অপরের শিপইয়ার্ড ব্যবহারের বিষয়েও সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে যুগ্ম সচিব ও মহাপরিচালক পর্যায়ের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। ১৯ নভেম্বর টোকিওর বৈঠকেও এই সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ গুরুত্বারোপ করে।

যৌথ সামরিক মহড়া ভারত ও জাপানের প্রতিরক্ষা সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান দিক। ২০১৮ সাল থেকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ নামে বার্ষিক যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ভারত ও জাপানে এই মহড়ার আয়োজন করা হয়। এর সপ্তম সংস্করণ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতের উত্তরাখণ্ডের চৌবাট্টিয়ায় অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের ১২০ জন করে সেনাসদস্য অংশ নেন। জাপানের ৩২তম ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং ভারতের লাদাখ স্কাউটসের সদস্যরা সন্ত্রাসবাদ দমন, আধা-শহুরে এলাকায় যুদ্ধ এবং সমন্বিত সামরিক অভিযান পরিচালনার কৌশল অনুশীলন করেন।

নৌবাহিনীর ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১২ সাল থেকে ভারত ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় নৌ-মহড়া ‘জিমেক্স’ অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় সাবমেরিনবিরোধী যুদ্ধ, সমুদ্রপৃষ্ঠে সামরিক অভিযান, আকাশ প্রতিরক্ষা এবং সামুদ্রিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয় অনুশীলন করা হয়। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয়, যোগাযোগ এবং যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ছে।

বিমান বাহিনীর সহযোগিতাও সাম্প্রতিক বছরগুলোতে নতুন গতি পেয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে জাপানের হায়াকুরি বিমানঘাঁটিতে প্রথমবারের মতো ‘বীর গার্ডিয়ান’ নামে যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভারতের সু-৩০এমকেআই যুদ্ধবিমান জাপানের এফ-২ ও এফ-১৫ যুদ্ধবিমানের সঙ্গে বিভিন্ন কৌশলগত অনুশীলনে অংশ নেয়। চলতি বছরের নির্ধারিত ‘বীর গার্ডিয়ান ২৬’ মহড়াকে দুই দেশের বিমান প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ, এই মহড়ার মাধ্যমে প্রথমবারের মতো জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমান ভারতে এসে যৌথ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এ ছাড়া ভারত ও জাপান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে বহুপাক্ষিক ‘মালাবার’ নৌ-মহড়ায় অংশ নিচ্ছে। ১৯৯২ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ-মহড়া হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে জাপান এবং ২০২০ সালে অস্ট্রেলিয়া স্থায়ীভাবে যুক্ত হওয়ায় এটি চার দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সহযোগিতার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়। চলতি বছরের ‘মালাবার ২০২৬’ মহড়ায় ভারতের আইএনএস সহ্যাদ্রি এবং জাপানের জেএস মোগামির অংশগ্রহণ দুই দেশের নৌ-সমন্বয়ের গুরুত্ব আরও বাড়িয়েছে।

টোকিওতে স্বাক্ষরিত নতুন অভিপ্রায়পত্রটি এই সামরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে। এর ফলে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স ভারতের সামরিক ফায়ারিং রেঞ্জ ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণ নিতে পারবে। জাপানের নিজস্ব ভূখণ্ডে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র পরীক্ষণ ও সামরিক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত জায়গার সীমাবদ্ধতা রয়েছে। ফলে ভারতের বিশাল সামরিক প্রশিক্ষণ অবকাঠামো ব্যবহারের সুযোগ টোকিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ভারতের জন্য এটি একটি ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারের সঙ্গে সামরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর করার সুযোগ।

তবে অভিপ্রায়পত্র স্বাক্ষর এবং বাস্তবে সামরিক প্রশিক্ষণ শুরু হওয়ার বিষয় দুটি এক নয়। এই সমঝোতার মাধ্যমে জাপান ইতোমধ্যে ভারতের সামরিক ঘাঁটিতে অবাধ প্রবেশাধিকার পেয়ে গেছে, এমনটা বলা যাবে না। বরং দুই দেশের প্রতিরক্ষা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি, প্রশিক্ষণের পরিধি, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে হবে। অর্থাৎ, এটি সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ। এর মধ্য দিয়ে দুই দেশের সামরিক সম্পর্ক যৌথ মহড়া ও নৌবন্দর সফরের গণ্ডি পেরিয়ে সরাসরি সামরিক প্রশিক্ষণ এবং অবকাঠামো ব্যবহারের দিকে এগোচ্ছে।

প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক শিল্পে যৌথ সহযোগিতাও ভারত-জাপান সম্পর্কের নতুন গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে। এ ক্ষেত্রে বিশেষভাবে আলোচনায় এসেছে জাপানের তৈরি ‘ইউনিকর্ন’ সমন্বিত যোগাযোগ অ্যান্টেনা মাস্ট। আধুনিক যুদ্ধজাহাজে বিভিন্ন ধরনের অ্যান্টেনা আলাদাভাবে স্থাপন করার পরিবর্তে এই প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়। এতে জাহাজের ইলেক্ট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ কমানোর পাশাপাশি রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকিও হ্রাস করা সম্ভব হয়। ফলে যুদ্ধজাহাজের যোগাযোগব্যবস্থা ও গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য যৌথভাবে ইউনিকর্ন মাস্ট তৈরির বিষয়ে একটি বাস্তবায়ন স্মারক স্বাক্ষরিত হয়। এই প্রকল্পে জাপানি অংশীদারদের পাশাপাশি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিকস লিমিটেড (বিইএল) কাজ করছে। ১৯ নভেম্বর টোকিও বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, ভারত ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন বা ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ পাওয়ার প্রত্যাশা করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে জাপানি প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং জাপানের অ্যাকুইজিশন, টেকনোলজি অ্যান্ড লজিস্টিকস এজেন্সি (এটিএলএ) ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণার উদ্যোগ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। রোবটিকস, স্বয়ংক্রিয় সামরিক প্রযুক্তি এবং মনুষ্যবিহীন স্থলযানও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এসব ক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ যৌথ উন্নয়ন কর্মসূচি গড়ে ওঠেনি, তবুও দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করার আগ্রহ বাড়ছে। জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হওয়া এবং ভারতের বিশাল প্রতিরক্ষা বাজার ও উৎপাদন সক্ষমতা এই সহযোগিতাকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।

এ বিষয়ে ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সেন্টার ফর নর্থইস্ট এশিয়ান স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীন অধ্যয়ন বিভাগের অধ্যাপক শ্রীপর্ণা পাঠক ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখে টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপান চতুর্থ ২+২ বৈঠকে স্বাক্ষরিত অভিপ্রায়পত্র দুই দেশের সামরিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স প্রথমবারের মতো ভারতীয় সামরিক প্রশিক্ষণ রেঞ্জে সরাসরি গোলাবর্ষণের অনুশীলনের সুযোগ পেতে পারে। এর মধ্যে চীনের সামুদ্রিক তৎপরতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণও রয়েছে।

তিনি আরও বলেন, ভারত ও জাপান পানির নিচের প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর জাহাজ মেরামতের জন্য পারস্পরিক শিপইয়ার্ড ব্যবহারের সুযোগ এবং ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ কাঠামোর আওতায় ভারতীয় নৌবাহিনীতে জাপানের ইউনিকর্ন স্টেলথ অ্যান্টেনা প্রযুক্তি যুক্ত করার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৬ সালের আগস্টে স্বাক্ষরিত সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে সামুদ্রিক ও আকাশসীমা পর্যবেক্ষণ, মাইন প্রতিরোধ এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। তাঁর মতে, ভারত-জাপানের এই দ্রুত বিকাশমান অংশীদারিত্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক ঝুঁকি হ্রাসের সমন্বয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের কৌশলগত হিসাব-নিকাশকে জটিল করে তুলছে।

তবে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হলেও ভারত ও জাপান এখনো কোনো আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করেনি। দুই দেশের মধ্যে এমন কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও নেই, যার আওতায় একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশকে বাধ্যতামূলকভাবে সামরিক সহায়তা দিতে হবে। ভারত দীর্ঘদিন ধরেই তার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত জাপানের শান্তিবাদী সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদ দেশটির সামরিক ভূমিকা ও শক্তি প্রয়োগের ক্ষেত্রে কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা তৈরি করেছে।

এ ছাড়া চীনকে ঘিরে ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের ক্ষেত্রও পুরোপুরি এক নয়। ভারতের প্রধান মনোযোগ হিমালয় সীমান্ত, পূর্ব লাদাখ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায়। বিপরীতে জাপানের উদ্বেগ পূর্ব চীন সাগর, সেনকাকু দ্বীপপুঞ্জ, তাইওয়ান এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে। একই সঙ্গে দুই দেশেরই চীনের সঙ্গে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ফলে বেইজিংয়ের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে নিজেদের নিরাপত্তা স্বার্থ রক্ষা করাই তাদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। তাছাড়া ভারত ও জাপানের মধ্যে এখনো কোনো যৌথ সামরিক কমান্ড কিংবা সমন্বিত যুদ্ধ পরিচালনার বাধ্যতামূলক কাঠামো প্রতিষ্ঠিত হয়নি।

এই বাস্তবতায় ভারত ও জাপান আনুষ্ঠানিক সামরিক জোটের পরিবর্তে একটি বিস্তৃত কৌশলগত নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তুলছে। সামুদ্রিক নজরদারি, পারস্পরিক রসদ সহায়তা, নিয়মিত সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং কোয়াডের মাধ্যমে সহযোগিতা এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। এর লক্ষ্য সরাসরি চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়া নয়; বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো একতরফা প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা তৈরি করা।

বিশ্লেষকদের দৃষ্টিতে, ভারত ও জাপানের এই অংশীদারিত্বের প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে। কারণ, সামরিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ার ফলে দুই দেশই নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে পারবে। একই সঙ্গে চীনের জন্যও আঞ্চলিক সামরিক ও কৌশলগত হিসাব-নিকাশ আগের তুলনায় জটিল হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে ভারত ও জাপানের সম্পর্ক এখন একটি নতুন কৌশলগত পর্যায়ে প্রবেশ করছে। কূটনৈতিক সৌহার্দ্য থেকে শুরু করে যৌথ সামরিক মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়-প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতার পরিধি বাড়ছে। তবে এই অংশীদারিত্ব শেষ পর্যন্ত কতটা কার্যকর সামরিক শক্তিতে রূপ নেবে, তা নির্ভর করবে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা, চুক্তিগুলোর বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সমন্বয়ের ওপর। আপাতত একটি বিষয় স্পষ্ট, সরাসরি সামরিক জোটে না গিয়েও ভারত ও জাপান এমন একটি নিরাপত্তা কাঠামো গড়ে তুলছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের একক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার সামনে বড় কৌশলগত বাধা হয়ে দাঁড়াতে পারে।