জাতীয়
বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে উদ্বোধনী আয়োজনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান আয়োজন ও আনুষঙ্গিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
পরবর্তী সময়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে গড়ে তোলা হবে প্রশাসনের নতুন কেন্দ্রীয় কার্যালয়। প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ মোট ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ভবনে সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট আয়তনের জায়গা তৈরি হবে।
প্রকল্পটিতে আধুনিক নাগরিক সুবিধা ও পরিবেশবান্ধব অবকাঠামোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন সচিবালয় এলাকায় প্রায় ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এদিকে, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ভবনগুলোর অবকাঠামোগত দুর্বলতা ও জরাজীর্ণ অবস্থাও স্থানান্তরের উদ্যোগের অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ৮টির অবস্থাই বেশ নাজুক। এসব ভবনের অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় দীর্ঘদিনের ব্যবহারে সেগুলোর অবকাঠামোগত সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের বিষয়টি আলোচনায় আসার পর থেকেই সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা সামনে আসে। এরই ধারাবাহিকতায় প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন সচিবালয় নির্মিত হলে মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোর জন্য আধুনিক কর্মপরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পর্যাপ্ত পার্কিং, সবুজায়ন, জলাধার এবং পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্য রয়েছে সরকারের।