সারাদেশ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় একটি ‘ফকির কমিটি’র সভাপতি। কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানাসহ কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়েছে। এ ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজারের বিভিন্ন স্থানে লোকজনের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। এ সময় তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দেন এবং কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে ভিক্ষাবৃত্তির সময়সীমা ঘোষণা করেন।
মাইকিংয়ে ওই ব্যক্তি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কোনো ব্যক্তি ভিক্ষা করতে পারবেন না। নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি নিয়ম অমান্যকারীদের কারাদণ্ড হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্থানীয় পর্যায়ে ভিক্ষাবৃত্তির জন্য এভাবে সময়সীমা নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখলেও অনেকে এ ধরনের সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে কোনো স্থানীয় কমিটি নিজ উদ্যোগে কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিতে পারে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এদিকে বিষয়টি নিয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন।
তবে স্থানীয় ফকির কমিটির পক্ষ থেকে দেওয়া এ ঘোষণার আইনগত ভিত্তি কী এবং ঘোষণায় উল্লেখ করা জরিমানা বা কারাদণ্ড কার্যকরের কোনো এখতিয়ার কমিটির রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।