জাতীয়

১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউল আহসানের ১১৬ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

১১৬ জনকে হত্যার দায়ে জিয়াউল আহসানের ১১৬ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলায় ১১৬ জনকে গুম ও হত্যার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে দাবি করে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদাভাবে বিচার করা হলে জিয়াউল আহসানের ১১৬ বার মৃত্যুদণ্ড হতে পারত।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ টানা তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পালা। আসামিপক্ষের বক্তব্য শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এ মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের

সমাপনী যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মামলার বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, অবৈধ ক্ষমতা ও রাষ্ট্রীয় প্রভাব কাজে লাগিয়ে জিয়াউল আহসান ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছেন। এসব অপরাধের পাশাপাশি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সেই অর্থ গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারকে দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানানো হয়েছে।

মৃত্যুদণ্ডের দাবির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী একজন ব্যক্তিকে একাধিকবার মৃত্যুদণ্ড দেওয়ার বিধান নেই। তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ১১৬ জন ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদা বিচার হলে তাঁর ১১৬ বার মৃত্যুদণ্ডের আদেশ হতে পারত। আইনের সীমাবদ্ধতা বিবেচনায় আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রীয় প্রশ্রয়ে ক্ষমতাধর হয়ে উঠেছিলেন জিয়াউল আহসান

যুক্তিতর্কে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে জিয়াউল আহসানের ঘনিষ্ঠতা ও প্রভাবের বিষয়টিও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তাঁর বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রশ্রয় ও অনুমোদন ছাড়া একজন কর্মকর্তা এভাবে ক্ষমতার অপব্যবহার করে ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়তে পারেন না।

এ প্রসঙ্গে তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্যের কথা উল্লেখ করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় দেওয়া সাক্ষ্যে আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কোর কমিটির শেষ দিন পর্যন্ত জিয়াউল আহসান সেখানে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে যেখানে অন্যদের নিরস্ত্র অবস্থায় যেতে হতো, সেখানে জিয়াউল আহসান নিজের গাড়িতে অস্ত্রসহ প্রবেশ করতে পারতেন। তাঁকে এ বিষয়ে কোনো ধরনের তল্লাশি বা জবাবদিহির মুখোমুখি হতে হতো না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর কাছেও তাঁর অবাধ যাতায়াত ছিল বলে সাক্ষ্যে উঠে এসেছে।

দুর্নীতি ও সাত খুনের মামলার প্রসঙ্গ

জিয়াউল আহসানের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টিও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান রয়েছে। সাক্ষ্য-প্রমাণে অবৈধ সম্পদ গড়ে তোলার বিষয়টিও উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততা, ছয় কোটি টাকার আর্থিক লেনদেন, কয়লার ব্যবসা এবং গুলশানের একটি ফ্ল্যাটসংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়গুলোও যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

জিয়াউল আহসানকে বিশ্বাসঘাতক আখ্যা

প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বলেন, জনগণের করের টাকায় বেতন পাওয়া একজন কর্মকর্তার দায়িত্ব ছিল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সেই দায়িত্বে থাকা অবস্থায় তিনি রাষ্ট্রীয় অস্ত্র ও ক্ষমতা ব্যবহার করে মানুষকে গুম ও হত্যার সঙ্গে জড়িত হয়েছেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বহু পরিবারকে স্বজনহারা করা হয়েছে। সন্তান হারিয়েছেন মা-বাবা, স্বামী হারিয়েছেন স্ত্রী এবং পিতৃহারা হয়েছে অনেক শিশু। জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। এ কারণেই রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

গুম একটি চলমান অপরাধ: অ্যাটর্নি জেনারেল

যুক্তিতর্কে গুমের ঘটনাকে চলমান অপরাধ হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম এবং সুমনের মতো নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এখনো তাঁদের স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পারেননি। তাঁদের স্বজনরা জীবিত আছেন, নাকি তাঁদের হত্যা করা হয়েছে-সে বিষয়েও পরিবারগুলোর কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক আইনের বিভিন্ন নজির তুলে ধরে রাষ্ট্রপক্ষ দেখিয়েছে, গুমের শিকার ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের কাছে অপরাধের পরিণতি অমীমাংসিত থেকে যায়। এ সময় আদালতে সুমনের মা, স্ত্রী এবং গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক তুলি উপস্থিত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন বিচারিক নজির তুলে ধরতে গিয়ে রুয়ান্ডা, যুগোস্লাভিয়া, সিয়েরা লিওন, চাদ, ইরাক ও আর্জেন্টিনার উদাহরণ দেন অ্যাটর্নি জেনারেল। তিনি আর্জেন্টিনায় সামরিক শাসনামলে বন্দিদের বিমান থেকে সমুদ্রে ফেলে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সমুদ্র থেকে ভেসে আসা মরদেহই পরবর্তী সময়ে অপরাধের প্রমাণ হিসেবে ভূমিকা রেখেছিল।

বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধারের ফলে ওই হত্যাকাণ্ডের বিচার সম্ভব হয়েছে এবং মামলায় কয়েকজন আসামির মৃত্যুদণ্ড হয়েছে। এ মামলার আপিল বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

শুধু নির্দেশ নয়, হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের অভিযোগ

মামলার সাক্ষ্য-প্রমাণের গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, চিফ প্রসিকিউটরের যুক্তিতর্কের পরিপূরক হিসেবে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সাক্ষ্য পড়লে যে কেউ ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারবেন।

তিনি দাবি করেন, জিয়াউল আহসান শুধু নিরপরাধ মানুষকে গুম ও হত্যার নির্দেশই দেননি, বরং এসব হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণও করেছেন।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান নারায়ণগঞ্জের সাত খুনের মামলার একটি গুরুত্বপূর্ণ জবানবন্দির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির জবানবন্দির অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়েছে। সেখানে বলা হয়েছে, তৎকালীন র‍্যাবে কর্মরত জিয়াউল আহসানের সুনির্দিষ্ট নির্দেশনা ও অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হতো না এবং র‍্যাব কিংবা অধীনস্থ বাহিনীর সদস্যরা তাঁর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারতেন না।

ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে রাষ্ট্রপক্ষের ব্যাখ্যা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়েও যুক্তিতর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ ছাড়া পরবর্তী সময়ে সংঘটিত অপরাধের বিচার করার ক্ষমতা এ ট্রাইব্যুনালের রয়েছে কি না।

এ বিষয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি (রোম স্ট্যাটিউট), ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন এবং বাংলাদেশের সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের বিধান উল্লেখ করেন। তাঁর দাবি, এসব আইনি ভিত্তির আলোকে পরবর্তী সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার পূর্ণ এখতিয়ার ট্রাইব্যুনালের রয়েছে।

দেশীয় ট্রাইব্যুনালে বিচার হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায়

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) না গিয়ে দেশীয় ট্রাইব্যুনালে বিচার পরিচালনার যৌক্তিকতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো রাষ্ট্র অপরাধীদের আড়াল করতে চাইলে কিংবা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রশ্ন আসে। কিন্তু বাংলাদেশে সংশ্লিষ্ট অপরাধের বিচার দেশীয় ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ পাচ্ছে এবং আসামিপক্ষও সাক্ষীদের জেরা করা ও নিজেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সমান সুযোগ পাচ্ছে। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে যুক্তিতর্ক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হয়েছে এবং বিচার নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কমেছে।

রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক শেষ হওয়ার মধ্য দিয়ে মামলাটি বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছে। এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি।