সারাদেশ

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে স্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির গ্রাহকের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা না হয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তাই বিদ্যুৎ অবকাঠামো ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

এ বিষয়ে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল তাঁর কার্যালয়ের কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় তারা অফিসের একটি কাচ ভাঙচুর করে এবং সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়। এ ঘটনার পর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে তাঁরা অফিসের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতেও ভয় পাচ্ছেন।

নির্বাহী প্রকৌশলী বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয়। বিদ্যুতের লাইন মেরামত, ত্রুটি নিরসন, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন জরুরি কাজে কর্মীদের বাইরে যেতে হয়। কিন্তু হামলার আশঙ্কায় তাঁরা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যুৎ বিভাগের কোনো যানবাহন কিংবা দায়িত্ব পালনরত জনবলের ওপর হামলার ঘটনা ঘটলে মাঠপর্যায়ে কাজ করা সম্ভব হবে না। কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগলে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি কোনো কোনো এলাকায় সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হবে।

এ পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের সচেতন করতে এবং বিদ্যুৎ বিভাগের স্থাপনা ও জনবলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তাটি প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

ওজোপাডিকোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় জনসেবা। এ সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা প্রয়োজন।