জাতীয়

বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জার্মানি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জার্মানি
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র খুঁজে বের করতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। একই সঙ্গে জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষ জনশক্তি রপ্তানি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।

জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানো, বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে।

আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক অগ্রগতি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশেও বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতার নতুন সুযোগ রয়েছে বলে বৈঠকে মতবিনিময় হয়। এসব খাতে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন উভয়পক্ষ। এ ছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বিনিময় এবং যুবসমাজের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন। এসব ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জার্মানির সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা। সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের একপর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে নিকোলাস জিপেলিয়াস আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। এ সফরের মাধ্যমে দুই দেশের সংসদীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।