সারাবিশ্ব

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো এইচ-১বি ভিসাধারীকে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো এইচ-১বি ভিসাধারীকে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীকে চাকরি ছাড়তে অথবা অন্য দেশে স্থানান্তরিত হতে বলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের পরামর্শক বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আইবিএমের পরামর্শক বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। এই বিভাগের এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাজীবী এই সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন।

প্রভাবিত কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করে ভিসার স্পন্সরশিপ না পেলে অন্য কোনো দেশে বদলি হয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা অন্য দেশে স্থানান্তরিত হতে রাজি হবেন না, তাদের ৩১ ডিসেম্বর হবে শেষ কর্মদিবস। এ ক্ষেত্রে তাদের তিন মাসের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজন, দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের কর্মভিত্তিক অভিবাসননীতি কঠোর করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের কারণে প্রযুক্তি খাতে নিয়োগ ও ভিসা স্পন্সরশিপ নীতিতে পরিবর্তন আসছে।

আইবিএমের এক কর্মকর্তা জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসা ব্যবস্থার সুবিধা নিত। তবে কয়েক বছর ধরেই এ ধরনের কর্মীর চাহিদা কমছিল।

ওই কর্মকর্তা বলেন, দক্ষ কর্মীর সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদা পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইবিএমের পরামর্শক বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব বিভাগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।

৩ লাখ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল হচ্ছে

যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসী তাদের মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে যাচ্ছেন। এ বিষয়ে তাদের চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে ২০২৭ সাল থেকে তারা এ সুবিধা হারাবেন। অথচ তাদের অনেকেই বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিতে কর ও অর্থ দিয়ে আসছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেয়ার সুবিধা হারানোর তালিকায় রয়েছেন বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা। তাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যাদের কিডনি রোগ শেষ পর্যায়ে পৌঁছেছে।

এ ছাড়া শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও এ তালিকায় রয়েছেন। তাদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন।

সূত্র, সিএসবি নিউজ ও সিএনএন।