সারাদেশ
গোপালগঞ্জে বাস থামিয়ে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতাকে
গোপালগঞ্জের মুকসুদপুরে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে জোরপূর্বক নামিয়ে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া একদল ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। ঘটনার পর তিনি পিরোজপুরে পৌঁছালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা এলাকা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন সাব্বির খান। বাসটি রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি পৌঁছালে কয়েকজন ব্যক্তি বাসটির গতিরোধ করেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে তারা বাসে উঠে সাব্বিরের মোবাইল ফোন তল্লাশি করেন।
অভিযোগ অনুযায়ী, তার মোবাইল ফোনে ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার তথ্য দেখতে পান ওই ব্যক্তিরা। এরপর তাকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা দাবি করা হয়।
সাব্বির খানের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে তাকে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক আদায় করা ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে ঘিরে রেখেছিল বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, একপর্যায়ে সুযোগ বুঝে কৌশলে ওই ব্যক্তিদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। পরে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান। তার সেখানে পৌঁছানোর খবর পেয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করেন। পরে শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিচয়ে এমন কর্মকাণ্ড প্রতিরোধে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে, ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের সঙ্গে কথা বলেন। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
অন্যদিকে, ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের বিষয়টি জানতে পেরে পুলিশ খোঁজখবর নিয়েছে। তবে ঘটনাটি পিরোজপুরে নয়, গোপালগঞ্জে ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত পিরোজপুর সদর থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।