রাজধানী

সাবেক পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস ‘দাদা এমদাদ’ গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

সাবেক পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের এপিএস ‘দাদা এমদাদ’ গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এমদাদুল হক দাদুল ওরফে ‘দাদা এমদাদ’কে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এমদাদুল হক দাদুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘দাদা এমদাদ’ নামেও পরিচিত।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এমদাদুল হক দাদুলকে আদালতে পাঠানো হয়েছে।