সোশ্যাল মিডিয়া

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, প্রেমিকের বিলবোর্ড ভাইরাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ছবি: সংগৃহীত

ভালোবাসার সম্পর্কে মান-অভিমান, ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য থাকাটা স্বাভাবিক। প্রিয় মানুষের অভিমান ভাঙাতে কেউ ফুল উপহার দেন, কেউ লেখেন ভালোবাসার চিঠি, আবার কেউ বেছে নেন একেবারেই ব্যতিক্রমী কোনো পদ্ধতি। তবে এবার প্রেমিকার অভিমান ভাঙাতে অভিনব এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে প্রকাশ্যে বিলবোর্ডে ক্ষমা চাওয়ার ঘটনাটি এখন নেটিজেনদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের জন্ম দিয়েছে।

প্রেমিকার মান-অভিমান ভাঙাতে সিরাজগঞ্জ শহরে টাঙানো হয়েছে একটি ব্যতিক্রমী ব্যানার। ব্যানারটিতে প্রেমিক নিজেকে ‘গরু’ এবং তাঁর প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ হিসেবে সম্বোধন করে ক্ষমা চেয়েছেন। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাওয়ার এমন অদ্ভুত ও মজার উপস্থাপন মুহূর্তেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে ব্যতিক্রমী এই ব্যানারটি কে বা কারা তৈরি করেছেন, কিংবা এর পেছনের প্রকৃত ঘটনা কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি সামনে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যতিক্রমী এই প্রেমের আবেদনের বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশেষ করে প্রেমিকের নিজের জন্য ‘গরু’ এবং প্রেমিকার জন্য ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন ব্যবহার করার বিষয়টি অনেকের কাছেই বেশ মজার মনে হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ভালোবাসার মানুষের অভিমান ভাঙানোর মজার ও সৃজনশীল প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ এমন ব্যতিক্রমী সম্বোধন নিয়ে হাস্যরস করছেন। সব মিলিয়ে প্রেমিকের এই ‘সরি’ জানানোর ধরন বেশ উপভোগ করছেন নেটিজেনদের অনেকে।

আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’

অন্যদিকে শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’

সাধারণত প্রেমিকার অভিমান ভাঙাতে ফুল, উপহার কিংবা রোমান্টিক বার্তার আশ্রয় নেন প্রেমিকরা। কিন্তু সিরাজগঞ্জের এই যুবকের ব্যতিক্রমী উদ্যোগ সেই চেনা ধারার বাইরে গিয়ে তৈরি করেছে ভিন্নধর্মী এক আলোচনার জন্ম। ভালোবাসার প্রকাশভঙ্গি যে একেকজনের কাছে একেক রকম হতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনাটি যেন তারই আরেকটি মজার উদাহরণ।