রাজধানী

মিটফোর্ডে সোহাগ হত্যা: এজাহারভুক্ত সাবেক ছাত্রদল নেতা শারাফাত গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

মিটফোর্ডে সোহাগ হত্যা: এজাহারভুক্ত সাবেক ছাত্রদল নেতা শারাফাত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শফিউল ইসলাম শারাফাতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার শফিউল ইসলাম শারাফাত দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শফিকুল ইসলাম সাঈদের ছেলে। একসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি সংগঠনটির কোনো পদে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১০ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি শফিউল ইসলাম শারাফাত। এ ছাড়া ২০২৬ সালের ২৬ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে শারাফাতের ছাত্রদলের পদ ও সাংগঠনিক অবস্থান সম্পর্কে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে শফিউল ইসলাম স্বেচ্ছায় ছাত্রদল থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেছিলেন। পরবর্তী সময়ে পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পর তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

পাভেল মোল্লা আরও জানান, শফিউল ইসলাম এখন আর ছাত্রদলের কোনো পর্যায়ের সদস্য নন। তবে এর আগে তিনি প্রায় এক বছর দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে শফিউল ইসলাম শারাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার এজাহারভুক্ত আসামি শফিউল ইসলাম শারাফাতকে গ্রেপ্তার করল পুলিশ।