রাজনীতি
ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা
অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ২৪ হাজার আহত ও পঙ্গু মানুষের আত্মত্যাগের সঙ্গে এটি সুস্পষ্ট প্রতারণা। একই সঙ্গে গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে দেওয়া জনগণের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টার কারণেই দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ (Beyond Campus: Leading Tomorrow) শীর্ষক এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের বক্তব্য এবং অঙ্গীকারে এক ধরনের ঐক্য ছিল। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, তাঁদের অনেকেই রাতারাতি অবস্থান পরিবর্তন করেছেন। দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির মতো কর্মকাণ্ড আগের চেয়েও দ্রুতগতিতে চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, যারা ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, অর্থ, ব্যক্তিস্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে তাদেরই কেউ কেউ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনের সঙ্গে এমন আচরণ সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। যারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার কথা বলেছিলেন, তাঁদের কাছ থেকে এমন কর্মকাণ্ড কোনোভাবেই প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্র সংস্কার ও গণভোটের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ও মেরামতের লক্ষ্যে আয়োজিত গণভোট—এই দুটি বিষয়কে সামনে রেখেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরপরই গণভোটের রায় অস্বীকার করেছে। তাঁর মতে, সংকটের সূচনা হয়েছে সেখান থেকেই। একদিকে জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে লালন-পালনের সুযোগ তৈরি করা হচ্ছে। এর ফলে ফ্যাসিবাদীরা আবারও দেশে ফিরে আসার চেষ্টা করছে।
তবে এ বিষয়ে তরুণ প্রজন্মের ওপর আস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের যুবসমাজ আর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে দেবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তরুণরা একটি বৈষম্যহীন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে তিনি তিনটি বিশেষ বার্তা তুলে ধরেন। প্রথমত, নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অস্থিরতা ও নানা সমস্যায় জর্জরিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তি, শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে তরুণরা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই পরিবর্তন সীমাবদ্ধ না রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হলের আসন আঁকড়ে না থেকে বৃহত্তর জাতীয় উন্নয়ন ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে শিক্ষিত ও সচেতন তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
দ্বিতীয়ত, তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা ও নেতৃত্বদানের সক্ষমতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন জামায়াত আমির। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণসহ প্রতিটি ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দিতে হবে। শুধু অন্যের অধীনে চাকরি করার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
এ প্রসঙ্গে তিনি জানান, তরুণদের নেতৃত্বের বিকাশ ও অবদানের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শুধু রাজধানীকেন্দ্রিক না থেকে তরুণদের নিজ নিজ এলাকা ও গ্রামে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। গ্রামবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন স্তরে থাকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
তৃতীয়ত, বাংলাদেশকে অন্যের অনুসরণকারী নয়, বরং বিশ্বের কাছে অনুকরণীয় একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সব সময় অন্য দেশকে অনুসরণ করে চলবে-এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বরং এমন পরিবর্তন ও উন্নয়ন ঘটাতে হবে, যাতে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের কর্মকাণ্ড ও অর্জন দেখে অনুপ্রাণিত হয় এবং বাংলাদেশকে অনুসরণ করতে আগ্রহী হয়। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ে ভূমিকা রাখার জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি তরুণদের মেধা, নেতৃত্ব ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।