রাজনীতি
‘ডিসেম্বরে ওসমান হাদি কে হবেন, হত্যার তালিকায় আমার নামও রয়েছে’: ব্যারিস্টার ফুয়াদ
আগামী ডিসেম্বরে সম্ভাব্য হত্যার (অ্যাসাসিনেশন) তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই সঙ্গে দেশে নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। কপালে রাইফেল তাক করা অবস্থায় তাঁকে নিয়ে আঁকা একটি ব্যঙ্গচিত্রের প্রসঙ্গে তিনি বলেন, কার্টুন বা রাজনৈতিক ব্যঙ্গচিত্রের স্বাধীনতাকে তিনি সব সময় স্বাগত জানান। তবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতিতে এ ধরনের চিত্র উগ্রপন্থী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের একটি গোষ্ঠীকে সহিংসতায় উৎসাহিত করতে পারে।
বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তাঁকে লক্ষ্য করে আঁকা ব্যঙ্গচিত্র এবং এর মাধ্যমে হত্যার ইঙ্গিত দেওয়া হয়েছে কি না, তা নিয়ে আলোচনার একপর্যায়ে নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন তিনি।
কপালে রাইফেল তাক করা কার্টুনটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন-সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, কার্টুন ও ব্যঙ্গচিত্রের বিষয়ে তাঁর অবস্থান বরাবরই উদার। জনপরিচিত ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে রাজনৈতিক ব্যঙ্গচিত্র আঁকার স্বাধীনতাকে তিনি সমর্থন করেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি ভিন্নভাবে দেখার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক সহিংসতা চলছে। এমন পরিস্থিতিতে ‘এই ডিসেম্বরে ওসমান হাদি কে হবেন’—এমন একটি হত্যার তালিকায় তাঁর নামও রয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁকে নিয়ে আঁকা ওই ব্যঙ্গচিত্রটি দেশের পাশাপাশি বিদেশেও আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন মহলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব মহলের অনেকে কার্টুনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উল্লাস প্রকাশ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, সৃজনশীলতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে তিনি সম্মান করেন। কিন্তু কোনো সৃজনশীল কাজ যখন একটি বড় উগ্রপন্থী বা রাজনৈতিক প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয় এবং তাদের সহিংস কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারে, তখন সেটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন মহল থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। ফলে বাংলাদেশে এমনিতেই তিনি নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
আলোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন ব্যারিস্টার ফুয়াদ। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে আগে গণহত্যা, নির্বাচনব্যবস্থা এবং সংবিধান ধ্বংসের অভিযোগের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দলটিকে প্রকাশ্যে নিজেদের ভুলের জন্য ‘সরি’ বলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে আওয়ামী লীগের সব পর্যায়ের সমর্থককে একইভাবে বিবেচনা করার পক্ষে নন ব্যারিস্টার ফুয়াদ। তাঁর মতে, দলের পদ-পদবি না থাকা সাধারণ সমর্থকদের মধ্যে যারা লুটপাট, হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের অপরাধে জড়িত ব্যক্তিদের সঙ্গে এক কাতারে ফেলা উচিত নয়। এ ধরনের সাধারণ সমর্থকদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।
আলোচনায় ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে রাজনৈতিক ব্যঙ্গচিত্রের স্বাধীনতা, মতপ্রকাশের সীমা, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি উঠে আসে।