রাজনীতি
‘গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালিয়ে কোনো লাভ হবে না’: আইনমন্ত্রী
বাংলাদেশকে হুমকি দিয়ে কিংবা গোপালগঞ্জের লোকজনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আগুন সন্ত্রাসের চেষ্টা করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মাঠে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, গোপালগঞ্জের লোকদের দিয়ে আগুন জ্বালাচ্ছেন, সন্ত্রাস করার চেষ্টা করছেন-কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।’
এ সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে তদবির না করার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, যারা বিএনপি কিংবা জামায়াতের রাজনীতি করেন, তাঁরা যেন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কোনো ধরনের সুপারিশ বা তদবির না করেন। এ বিষয়ে তাঁর বার্তা সবার কাছে পরিষ্কার থাকা উচিত।
স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের সাবেক উপজেলা আমির আবু তালিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধ। দেশে কোনোভাবেই আগুন সন্ত্রাস কিংবা সহিংসতার রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না।
বক্তব্যে দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেশে সন্ত্রাসের ঘটনা ঘটেছে। সে সময় রক্ষীবাহিনীর সন্ত্রাসের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ওই সময়ে জাসদের ৩০ হাজার তরতাজা মানুষকে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম গুমের ঘটনা ঘটেছিল ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জে। মাগরিবের সময় এক ব্যক্তি ওজু করার অবস্থায় রক্ষীবাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। এরপর সিদ্দিক মাস্টার আর ফিরে আসেননি বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সিরাজ সিকদার। তাঁর বক্তব্য অনুযায়ী, এসপি মাহবুব তাঁকে হত্যা করেছিলেন। এ ঘটনার পর তৎকালীন সংসদে শেখ মুজিবুর রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী বলেন, ইতিহাসের পাতায় দেখা যায়, সিরাজ সিকদার হত্যার পর সংসদে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘কোথায় সে সিরাজ সিকদার।’
গত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে আইনমন্ত্রী দাবি করেন, এ সময়ে তাঁদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ৭০০ জনকে গুম করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক কারণে বিএনপির সাত লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করার বিষয়েও তাঁদের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।
এ সময় আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী বলেন, ‘কত বড় নির্লজ্জ হলে এখনো আগুন জ্বালাচ্ছেন। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালাচ্ছেন। কোনো লাভ হবে না।’
তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন মোটরসাইকেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেলে বিএনপি নেতাকর্মী, প্রশাসন কিংবা বিরোধী দলের অন্যরা নীরব থাকবে, তাহলে সেটি ভুল ধারণা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁর দলের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের নেতাকর্মীরাও প্রতিপক্ষের বাড়িঘর চেনেন এবং তাঁদেরও মোটরসাইকেল ও গাড়ি রয়েছে।
তবে গত ১৭ বছর ধরে দেশে যে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতি আবার ফিরে আসবে-এমন স্বপ্ন না দেখার আহ্বান জানান আইনমন্ত্রী। এ বিষয়ে তাঁদের অবস্থান দ্ব্যর্থহীন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে চাপালি যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ঝিনাইদহের হামদহ ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরিণাকুণ্ডু ফুটবল দল। খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।