রাজনীতি

দেশ ছাড়লেও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না শেখ হাসিনা: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

দেশ ছাড়লেও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না শেখ হাসিনা: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার সরকার ছিল খুন ও গুমের সরকার। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তিনি। তাঁর শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করা অর্থ দিয়ে তাঁর দলের নেতাকর্মীরা দিল্লি ও যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন। তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করছেন। কিন্তু ফ্যাসিবাদী শক্তি তা মেনে নিতে পারছে না। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মুক্তার হোসেন খান।

সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।