জাতীয়

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খেলাধুলার সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নিয়েছেন তিনি। একই সঙ্গে শিশুদের মধ্যে নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা তৈরিতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি জানান, শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না। খেলাধুলায় কেউ বাদ পড়ছে কি না, কিংবা সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করার সুযোগ পায়, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা, সহমর্মিতা এবং ভাগাভাগি করে নেওয়ার ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বার্তা উঠে এসেছে। শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ উপভোগ করা এবং একে অপরের পাশে দাঁড়ানোর অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তোলার গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন আন্তরিক সময় কাটানো এবং খেলাধুলার সামগ্রী উপহার দেওয়ার ঘটনাটি শিশু-কিশোরদের মানসিক বিকাশ, সামাজিক বন্ধন ও সম্মিলিতভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করে।