শিক্ষা
কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থী পড়ান-এমন শিক্ষকদের তালিকা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। দায়িত্বে অবহেলা করে শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে কোচিং বাণিজ্যে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নেওয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালন না করে বাইরে কোচিং সেন্টারে সময় দেওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা তৈরির কাজ চলছে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই সরকারি দায়িত্ব পালন না করে শ্রেণিকক্ষের সময় বাইরে কোচিং সেন্টারে ব্যয় করার সুযোগ নেই। কেউ দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও নিয়মিত পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়া যাবে না। শিক্ষকদের নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষক নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত না থাকলে শিক্ষার্থীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবে। একইভাবে শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত না থাকলে শিক্ষকরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় শিক্ষক এবং শিক্ষার্থী-উভয় পক্ষকেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও অনিয়ম প্রতিরোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যেন দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা না ঘটে, সে জন্য একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নকল কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষায় শিক্ষার্থীদের খাতায় যথাযথভাবে উত্তর লিখতে হবে এবং শিক্ষকদেরও নিয়ম মেনে নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করতে হবে। পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবন নির্মাণ এবং উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই বা শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম, সেখানে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা নেই। একইভাবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারবে না, সেসব প্রতিষ্ঠানও উন্নয়ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে বলে জানান তিনি।
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও অসংগতি দূর করতে পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষার খাতায় যথাযথ উত্তর না লিখে নম্বর পাওয়ার কোনো সুযোগ থাকবে না। মূল্যায়ন প্রক্রিয়ায় নিয়মনীতি ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।