সারাদেশ

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর নলকূপের গ্যাসের আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম

এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর নলকূপের গ্যাসের আগুন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে সৃষ্ট গ্যাসের আগুন অবশেষে দীর্ঘ ৩০ দিন পর নিয়ন্ত্রণে এনেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের চারপাশের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন বন্ধ করা সম্ভব হয়। এর ফলে দীর্ঘ এক মাস ধরে চলা আগুন নিয়ন্ত্রণের অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, কূপের চারপাশের বিভিন্ন পয়েন্ট দিয়ে বের হওয়া গ্যাসকে নিয়ন্ত্রণে আনতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করা হয়। একই সঙ্গে কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসকে অন্য পথে প্রবাহিত করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সরাসরি কূপের মুখ ও আশপাশের স্থান থেকে গ্যাস নির্গমনজনিত আগুন বন্ধ করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কূপের আগুন বন্ধের এই অপারেশন সফল হয়েছে।

বাপেক্সের পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, এখন কূপের গভীরতা ও ভূতাত্ত্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে প্রায় ১ হাজার ফুট পর্যন্ত খননকাজ চালানো হবে। এ সময় খননপ্রক্রিয়ায় বিশেষ ধরনের মাড বা ড্রিলিং তরল ব্যবহার করা হবে। মূলত ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখা এবং খননকাজ নিরাপদভাবে পরিচালনার জন্য এই মাড ব্যবহার করা হবে।

বাপেক্স আরও জানিয়েছে, সফলভাবে ১ হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করা সম্ভব হলে কূপের ফরমেশন প্রেশার বা ভূগর্ভস্থ স্তরের গ্যাসের চাপ ভারসাম্যে আনা হবে। প্রয়োজন অনুযায়ী মাড ব্যবহার করে মাটির নিচ থেকে গ্যাসের অনিয়ন্ত্রিত নির্গমনের পথ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে ওই এলাকায় জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে গ্যাসের মজুত এবং সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী অনুসন্ধান কার্যক্রম নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে নির্গত গ্যাসের সংস্পর্শে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর থেকেই কূপের মুখ ও আশপাশের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হওয়ার কারণে আগুন জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

দীর্ঘ এক মাসের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট এলাকায়। তবে আগুন বন্ধ হওয়াকে পুরোপুরি কাজের সমাপ্তি হিসেবে দেখছে না কর্তৃপক্ষ। ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ, কূপের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যাচাই করতে পরবর্তী খনন ও জরিপ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।