জাতীয়
বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী আরিফুল হক
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, প্রতারণা কিংবা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ করে শারীরিকভাবে বিদেশে কাজের অনুপযুক্ত কোনো কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কর্মীদের অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল (DHL) কোম্পানিতে কাজের উদ্দেশ্যে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি কর্মী দল মালয়েশিয়ায় পাঠানো হবে। এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন আইনি জটিলতা নিরসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে একটি ‘ল ফার্ম’ গঠনের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি নিহত হলে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নিহত প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএমইটি (BMET) কার্ড থাকুক বা না থাকুক, বিদেশে নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং তাঁদের পরিবারের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জানান, এ লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে অন্তত একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যাতে বিদেশ থেকে অসুস্থ বা আহত হয়ে দেশে ফেরা প্রবাসীরা দ্রুত চিকিৎসাসেবা পান।
এ সময় বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ অবস্থানরত দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সংশ্লিষ্ট দেশের আইন মেনে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৃহত্তর সিলেটের অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বাতিল হয়ে থাকা সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। সিলেট অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশ এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগামী জানুয়ারির মধ্যেই এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, সিলেটের পর্যটন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটনকেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথে আর্থিক প্রতিবন্ধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।