জাতীয়
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১০৩ বাংলাদেশি কর্মী
দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও গতি ফিরছে মালয়েশিয়ার শ্রমবাজারে। সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় এবং কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১১২ জন কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় নথিপত্র ও কাগজপত্রে অসম্পূর্ণতা থাকায় শেষ পর্যন্ত ৯ জন কর্মী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি পূরণ করে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানানোর সময় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় পৌঁছানো কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাঁদের কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রচলিত আইন, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি কর্মীদের নিরাপদ, সুন্দর ও সফল কর্মজীবন কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের পাঠানোর এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান তিনি। পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ কর্মসূচির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, নির্বাচিত কর্মীদের কাউকেই মালয়েশিয়ায় যাওয়ার জন্য কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন করা হয়েছে। এ নিয়োগ কার্যক্রমে মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৩ জন মালয়েশিয়ায় পৌঁছেছেন।
নির্বাচিত বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মরত হবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। এ ছাড়া তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তির আওতায় তাঁরা কাজ করার সুযোগ পাবেন। কর্মীদের জন্য আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। একই সঙ্গে মালয়েশিয়ায় যাতায়াতসহ অভিবাসনপ্রক্রিয়ার যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন স্থবির থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে এভাবে সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং প্রতারণার ঝুঁকি কমাতে স্বচ্ছ ও সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।