জাতীয়

জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত

ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস এই মাছ। তাই ইলিশ সংরক্ষণে শুধু মাছের উৎপাদন ও প্রজনন রক্ষা করলেই হবে না, এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত জেলেদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই আহরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতের সঙ্গে শুধু জেলেরা নন, অসংখ্য মৎস্যজীবী পরিবার, মাছ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিপুলসংখ্যক মানুষ জড়িত। ফলে ইলিশের উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করা দেশের অর্থনীতি এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ এবং জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুর মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র সুরক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করা।

ইলিশ ব্যবস্থাপনায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, নদীর পানিপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে হবে। ইলিশের জীবনচক্র ও পরিবেশগত পরিবর্তন বিবেচনায় নিয়ে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবর্তিত পরিবেশ ও জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও ব্যবস্থাপনা পরিকল্পনায় থাকতে হবে।

মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অর্জিত অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ইলিশের প্রজনন, বিচরণ ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। অন্যদিকে দীর্ঘদিন নদী ও সমুদ্রে মাছ ধরার অভিজ্ঞতা থেকে জেলেরা ইলিশের গতিবিধি, প্রাপ্যতা এবং পরিবেশের পরিবর্তন সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। এই দুই ধরনের জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও বাস্তবসম্মত, কার্যকর ও টেকসই হবে।

জেলেদের জীবিকা ও আর্থিক নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে নির্দিষ্ট সময়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জরুরি। তবে এ নিষেধাজ্ঞার কারণে বহু মৎস্যজীবী পরিবারের উপার্জন বন্ধ হয়ে যায়। ফলে সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি এসব পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। এ জন্য নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা পৌঁছে দেওয়া, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা প্রয়োজন। বর্তমান সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে কাজ করছে।

মাছ বিক্রির বাজারব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে জেলেরা নিজেরা সরাসরি বাজারে মাছ বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী এবং দাদননির্ভর ব্যবস্থার কারণে মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তাঁরা। অন্যদিকে এ ব্যবস্থার প্রভাবে সাধারণ ক্রেতাদেরও তুলনামূলক বেশি দামে মাছ কিনতে হয়। ফলে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো ব্যবস্থায় জেলে ও ভোক্তা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, জেলেদের ন্যায্য অধিকার ও মাছের সঠিক বাজারমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগী এবং দাদননির্ভর ব্যবস্থার নেতিবাচক প্রভাব কমানো জরুরি। এ পরিস্থিতির পরিবর্তনে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইলিশ সংরক্ষণ, জেলেদের জীবনমান উন্নয়ন এবং বাজারব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে এ খাতকে আরও টেকসই ও জনবান্ধব করে তোলাই সরকারের লক্ষ্য।