সারাদেশ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে আগুন
ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় সাভারগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। দুপুরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে পথচারীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটিতে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।