সারাবিশ্ব

ফ্রান্সে পুলিশের কাঁদানে গ্যাসে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ, রক্তক্ষরণ ও গর্ভপাতের দাবি হাজারো নারীর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

ফ্রান্সে পুলিশের কাঁদানে গ্যাসে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ, রক্তক্ষরণ ও গর্ভপাতের দাবি হাজারো নারীর
ছবি: সংগৃহীত

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসে অস্বাভাবিক রক্তক্ষরণ, ঋতুচক্রের অনিয়ম, জরায়ুতে তীব্র ব্যথা এমনকি গর্ভপাতের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন হাজারো নারী ও কিশোরী। গত অক্টোবরে দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া নারীদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমো দ্য সাং’। তবে কাঁদানে গ্যাসের সঙ্গে এসব স্বাস্থ্য সমস্যার সরাসরি সম্পর্ক এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে জানতে সংগঠনটি ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর বক্তব্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ৯৪ শতাংশই বিভিন্ন ধরনের স্ত্রীরোগসংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন। এসব সমস্যার মধ্যে রয়েছে জরায়ুতে তীব্র ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত ঋতুস্রাব এবং ঋতুচক্রে অস্বাভাবিক পরিবর্তন।

প্রতিবেদনে আরও বলা হয়, জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ৪৭ জন বিক্ষোভের সময় গর্ভবতী ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জন গর্ভপাতের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া আরও ১৭ জন গর্ভাবস্থায় পেটে সংকোচন, ব্যথা কিংবা রক্তক্ষরণের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁদের মধ্যে দুজনকে জরুরি ভিত্তিতে স্ত্রীরোগসংক্রান্ত চিকিৎসা নিতে হয়েছে। এসব অভিযোগ কাঁদানে গ্যাসের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

গত ১৭ অক্টোবর ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের সময় পরিস্থিতি চরম আকার ধারণ করে। ওই দিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাসের গ্রেনেড নিক্ষেপ করে। এর মাত্র দুই দিন পর থেকেই অনেক নারী অস্বাভাবিক রক্তক্ষরণ ও বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানাতে শুরু করেন বলে দাবি করেছে সংগঠনটি। বিশেষ করে ২০ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে এসব উপসর্গের হার তুলনামূলক বেশি বলে জরিপের তথ্যে উঠে এসেছে।

এদিকে কাঁদানে গ্যাসের রাসায়নিক উপাদানের সঙ্গে নারীদের প্রজননস্বাস্থ্যগত সমস্যার সরাসরি সম্পর্ক এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণাও নেই। প্যারিসের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, কাঁদানে গ্যাসে থাকা কিছু রাসায়নিক উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে এ ধরনের সংকোচন সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ ও ২০২২ সালে পরিচালিত সরকারি গবেষণায় কাঁদানে গ্যাস ব্যবহারের কারণে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই গবেষণাগুলোর বিস্তারিত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। ফলে কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব নিয়ে প্রশ্ন ও বিতর্ক রয়ে গেছে।

নারী অধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিপুলসংখ্যক নারী ও কিশোরীর কাছ থেকে একই ধরনের শারীরিক সমস্যার অভিযোগ আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এসব অভিযোগের প্রকৃত কারণ নির্ধারণে স্বাধীন ও নিরপেক্ষ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার পাশাপাশি জনসমাবেশ ও বিক্ষোভ দমনে পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি।

সূত্র: দ্য গার্ডিয়ান