সারাবিশ্ব
সোভিয়েত আমলের পর সর্বোচ্চ সামরিক বাজেট পাস রাশিয়ার
ইউক্রেন যুদ্ধের অবসান এবং সামরিক উত্তেজনা কমাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের নতুন বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। এই বাজেটে সামরিক ও জাতীয় প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয়ের পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, মস্কোর এই বিপুল সামরিক বরাদ্দ ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা খাতে প্রায় ৬০৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে। আগের তিন বছরের বাজেটের তুলনায় এই বরাদ্দ প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি। সামরিক খাতে এ ধরনের বড় অঙ্কের অর্থ বরাদ্দের মধ্য দিয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে মস্কো। একই সঙ্গে অদূর ভবিষ্যতে যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার অবস্থান নিয়েও সংশয় তৈরি হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন বাজেটের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির মোট সামরিক ব্যয় প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষ নাগাদ তা বেড়ে প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার এবং ২০২৯ সালের শেষে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক ব্যয়ের পরিমাণ ক্রমাগত বাড়ছে।
তবে সামরিক খাতে বিপুল অর্থ বরাদ্দের চাপ সামলাতে দেশের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার। এ লক্ষ্যে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপের পাশাপাশি নাগরিকদের বিনিয়োগ থেকে অর্জিত আয়ের ওপরও কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে সামরিক ব্যয়ের অর্থ জোগাতে সরকারের বিভিন্ন বেসামরিক ও সামাজিক খাতের বরাদ্দ কমানোর পরিকল্পনা রয়েছে। নতুন বাজেট অনুযায়ী, আবাসন ও নাগরিক সেবা খাতে ব্যয় প্রায় ৮ শতাংশ এবং স্বাস্থ্যসেবা খাতে ৩ শতাংশ কমানো হবে। এ ছাড়া পেনশনসহ সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ও প্রায় ৬ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে।
এদিকে সামরিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি নানা অর্থনৈতিক সংকটের মুখেও রয়েছে রাশিয়া। বিপুল প্রতিরক্ষা ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে চলতি বছর দেশটির বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে। পশ্চিমা দেশগুলোর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বেসরকারি খাতে ঋণের উচ্চ সুদের হার এবং বিভিন্ন শিল্পে শ্রমিক সংকট রুশ অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এর পাশাপাশি রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে জ্বালানি খাতের আয়ও বাধাগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে সামরিক ব্যয় সামাল দেওয়া এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা মস্কোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
যা বললেন ট্রাম্প
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপের বিভিন্ন ভূখণ্ডের বিরুদ্ধে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্পের আশা, পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি শান্তিচুক্তি সম্পাদনের পথ তৈরি হতে পারে। তাঁর মতে, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইউরোপের ঠিক কোন কোন ভূখণ্ডের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এমনকি তাঁর বক্তব্যে ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের সূচনা হয়। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে বিপুল প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়েছে। একদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে রাশিয়ার রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন-সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি