জাতীয়
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে প্রচলিত পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে সুস্থ শরীর ও মন গঠনে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ছোটবেলা থেকেই এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই এবং শিক্ষার নানামুখী সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাবে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশ তখনই সম্ভব, যখন তার মধ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীল চিন্তা, সাংস্কৃতিক মূল্যবোধ, শারীরিক সক্ষমতা এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচলিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত করে আনন্দময় ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করা। এ উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রকৃতির বিভিন্ন উপাদান সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি পর্যবেক্ষণ, অনুসন্ধান ও অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন কিছু শেখার সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, সৃজনশীল চিন্তাভাবনা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও প্রকৃতিনির্ভর শিক্ষার সমন্বয় শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।