সারাদেশ
টাঙ্গাইলে যুবদল নেতার বাড়িতে মিলল সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩
টাঙ্গাইলের ভূঞাপুরে রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডল নামে এক যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা অবৈধ বিদেশি মদ একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পুরাতন গ্রামীণ ব্যাংক সংলগ্ন রঞ্জু মণ্ডল নামে এক যুবদল নেতার বাড়ি থেকে থেকে এই মদের বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জেলার নাগরপুর উপজেলার ভাবনাপাড়া এলাকার রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ (৩১)। ভূঞাপুর উপজেলা অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুরের চিরিবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে ও প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)।
তবে, এ ঘটনায় যুবদল নেতা রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে মদের বস্তাগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে তাকে আটক করেননি পুলিশ। আটক না হওয়া রঞ্জু মণ্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালের দিকে একটি সাদা প্রাইভেটকারে করে রঞ্জু মন্ডলের বাড়িতে প্রায় সাড়ে ৭ বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ ওরফে নুরু। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এরআগে দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র চেক দেয়ার জন্য সিগন্যাল দেয়। পরে প্রাইভেটকারের জহিরুল ইসলাম নামে আরেক চালক এলেঙ্গা থেকে কৌশলে পালিয়ে যায়। পরে যুবদল নেতা রঞ্জুর দেয়া ঠিকানা মতে প্রাইভেটকারটি তার বাড়িতে নিয়ে আসেন বলে জানান প্রাইভেটকার চালক নুরু।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সাড়ে ৭ বস্তা বিদেশি মদ এবং একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
অপরদিকে, যুবদল নেতার বাড়ি থেকে এই মদ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ওসি রেজাউল করিম জানান, বিষয়টি তারা তদন্ত করছেন এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করবেন।