জাতীয়

আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগটির দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নন। এই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন উর রশিদ। এতে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।