সারাদেশ
সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং বিয়ের প্রলোভনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে পাত্রী দেখতে গিয়ে স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির হামজা দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করে তিনি সাতক্ষীরার কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু বিয়েই নয়, প্রতারণার মাধ্যমে বিভিন্ন নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে যান আমির হামজা। এ সময় তার পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তার বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে আগের প্রতারণার অভিযোগের বিষয়টি সামনে আসে। পরে স্থানীয়রা সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতা নিয়ে তাকে আটক করেন।
আটকের পর আমির হামজাকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাসদস্য পরিচয় ব্যবহার করে একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।