রাজনীতি

‘একটা মারলে দুইটা মারব’, প্রতিশোধ নিতে বাধা দিলে জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

‘একটা মারলে দুইটা মারব’, প্রতিশোধ নিতে বাধা দিলে জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার
ছবি: সংগৃহীত

কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিশোধ নিতে দলীয়ভাবে বাধা দেওয়া হলে প্রয়োজনে জামায়াতে ইসলামী ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। ‘একটা মারলে দুইটা মারব’-এমন মন্তব্যসংবলিত একটি ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হাস্যোজ্জ্বল ছবি ব্যবহার করে ফটোকার্ডটি প্রকাশ করেন আমির হামজা। সেখানে তাঁর বক্তব্য হিসেবে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’ ফটোকার্ডের নিচে তাঁর নামও উল্লেখ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে একই ধরনের বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা...।’

শুক্রবার রাত ৯টার কিছু আগে প্রকাশিত ফটোকার্ডটি নিয়ে অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তাঁর ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে ফটোকার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০টি রিঅ্যাকশন, ১ হাজার ৯০০টি মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল বলে জানা গেছে। তবে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে আমির হামজার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায়। রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানে থাকা দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার একপর্যায়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ হামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় ছয়জন কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলার ঘটনার পরদিন বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির হামজা এ বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’

এর কয়েক দিন পরই জামায়াতের স্থানীয় কার্যালয় ও দলটির মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই হামলায় দলীয় কর্মীদের আহত হওয়ার ঘটনায় আমির হামজার ক্ষোভ ও প্রতিশোধ নেওয়ার বক্তব্য সামনে আসে। তাঁর সাম্প্রতিক বক্তব্যে দলীয় অবস্থান এবং কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানো নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

এদিকে ফেসবুকে প্রকাশিত ফটোকার্ডের বক্তব্য এবং পরবর্তী সময়ে সেটি সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি প্রকাশ ও পরবর্তী সময়ে সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।