সারাবিশ্ব

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২৮ নভেম্বর) ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে মাইন বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী এ তথ্য জানায়। বিবৃতি অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখের কাছে। সেখানে একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালির পূর্ব অংশে একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচলের সময় দ্বিতীয় ট্যাংকারটিও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়। উভয় ঘটনায় জাহাজ দুটিতে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসির দাবি, দুটি ট্যাংকারই নিজেদের অবস্থান গোপন রাখতে এবং নজরদারি এড়াতে স্বয়ংক্রিয় অবস্থান শনাক্তকরণ ও তথ্য সম্প্রচারব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ রেখেছিল। ফলে জাহাজ দুটির চলাচল শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে ট্যাংকার দুটি কোন দেশের পতাকাবাহী, সেগুলোর মালিকানা কার এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে হরমুজ প্রণালির ওই নৌপথ ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ ওই পুরো নৌপথে বিপুলসংখ্যক মাইন পেতে রাখা হয়েছে। ফলে এ পথে চলাচলের চেষ্টা করলে যেকোনো জাহাজ ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এমনকি মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তা থাকলেও মাইনবিছানো ওই পথ দিয়ে চলাচলকারী কোনো জাহাজকে নিরাপদ রাখা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। দেশটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত নৌপথ ব্যবহার এবং চলাচলের ক্ষেত্রে অনুমতি নেওয়ার নির্দেশ দিচ্ছে। ইরানের অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ ও নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এই পরিস্থিতি আন্তর্জাতিক তেল সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা, মাইন বিস্ফোরণ কিংবা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।