সারাবিশ্ব
ইয়েমেনের চার প্রদেশে বিমান হামলা, সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা
ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির চারটি প্রদেশে বিমান হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী হুতিদের অবস্থান ও যানবাহন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে, হুতিদের অভিযোগ, সৌদি আরবও দেশটির তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এদিকে, দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত এক নিরাপত্তা কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাশাপাশি তায়েজ প্রদেশে হুতিদের হামলায় গত কয়েক মাসে দুই শতাধিক নারী ও শিশু হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (২৭ নভেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ এবং উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুতিদের সামরিক অবস্থান ও যানবাহন লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। তবে এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
তায়েজ ও আল-জাওফে সরকারি বাহিনীর বিমান ও ড্রোন হামলা
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টের মাউন্ট ধাহিহ এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় হতাহত কিংবা সামরিক স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
তায়েজ শহরের দক্ষিণ প্রবেশপথের কাছাকাছি অবস্থিত আল-আকরা ফ্রন্ট সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাউন্ট সাবিরের নিকটবর্তী এই অবস্থান থেকে শহরের একটি বড় অংশের ওপর নজরদারি করা সম্ভব। এ কারণে এলাকাটি সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সামরিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচিত।
অন্যদিকে, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুতিদের সামরিক যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ইয়েমেনের সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটটিতে হামলার ভিডিও প্রকাশ করা হলেও এর ফলে হুতিদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
সৌদি আরবের সঙ্গে স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটি ইয়েমেনের সামরিক ও ভূরাজনৈতিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদেশটি হুতিদের নিয়ন্ত্রণাধীন সা’দা, আমরান ও সানা অঞ্চলের কাছাকাছি অবস্থিত। একই সঙ্গে সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশের সঙ্গেও এর ভৌগোলিক সংযোগ রয়েছে। আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ বর্তমানে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বিভক্ত। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী।
বোমা বিস্ফোরণে আহত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু
এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে বোমা বিস্ফোরণে আহত এক নিরাপত্তা কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আওয়াস মোহাম্মদ ইস্কান্দার। তিনি গ্রিন সিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে স্বাধীন সংবাদমাধ্যম আল-মাসদার অনলাইন জানিয়েছে, তিন দিন আগে সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন ইস্কান্দার। মঙ্গলবার দক্ষিণ লাহজের আল-ফাইউশ এলাকায় তাঁর টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনি আহত হন। পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে আঘাতের কারণে শুক্রবার তাঁর মৃত্যু হয়।
হুতিদের হামলায় ২০০ নারী ও শিশু হতাহত
অন্যদিকে, তায়েজ প্রদেশে হুতিদের গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় নারী ও শিশুসহ বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সরকারি প্রশাসন।
শুক্রবার তায়েজের সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানায়, গত ১০ আগস্ট থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদেশটির বিভিন্ন এলাকায় হুতিদের গোলাবর্ষণ ও স্নাইপার হামলায় ৪২ নারী ও মেয়ে শিশু নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ১৬১ জন। অর্থাৎ, নির্দিষ্ট এই সময়ের মধ্যে নারী ও শিশুসহ মোট ২০৩ জন হতাহত হয়েছেন বলে দপ্তরটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, বেসামরিক জনগণের ওপর ধারাবাহিক হামলার কারণে তায়েজের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ইয়েমেনে নতুন করে বাড়ছে সংঘাত ও মানবিক সংকট
গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সামরিক সংঘাত নতুন করে তীব্র হয়েছে। বিশেষ করে তায়েজ, লাহজ ও মারিব প্রদেশে লড়াইয়ের মাত্রা বেড়েছে। এর ফলে ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বজায় ছিল, তা আবারও ভেঙে পড়েছে।
দীর্ঘদিনের সংঘাত, নিরাপত্তাহীনতা ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে ইয়েমেন আগে থেকেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা, খাদ্যনিরাপত্তা, চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা চলমান রয়েছে। সংঘাতের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাত এখনো দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে রয়েছে।