রাজনীতি
বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশের মাটিতে বসে অডিও ও ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দিয়েও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে পারবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে অবস্থান করে অডিও-ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। পতিত স্বৈরাচারের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে, মতপার্থক্য থাকবে। এসব বিষয় নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ও মতবিনিময় হওয়াটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর এবং বিভিন্ন দোকানপাটে অগ্নিসংযোগ করেছে, তাদেরও শনাক্ত করা হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষ যেন সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনজীবন বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।