সারাবিশ্ব
সুদান-ইয়েমেনসহ ১৬ দেশে দুর্ভিক্ষের শঙ্কা জাতিসংঘের
জাতিসংঘের আশঙ্কা, আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে খাদ্যসংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এসব দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর নাইজেরিয়া সবচেয়ে বেশি দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। চলমান সংঘাত, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহায়তা তহবিলে বড় ধরনের কাটছাঁটকে এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রকাশিত ‘হাঙ্গার হটস্পটস’ বা ক্ষুধার ঝুঁকিপূর্ণ এলাকা বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সম্ভাব্য খাদ্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এতে সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর নাইজেরিয়াকে সর্বোচ্চ উদ্বেগের তালিকায় রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে এই পাঁচটি দেশ বারবার দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে থাকা দেশের তালিকায় স্থান পেয়েছে। অন্যদিকে, গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনি ভূখণ্ডকে ঝুঁকির তালিকায় এক ধাপ নিচে নামানো হয়েছে। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি এখনো হয়নি। গাজার প্রায় ৬৭ শতাংশ মানুষ এখনো সংকটজনক পর্যায়ের বা তার চেয়েও ভয়াবহ খাদ্যসংকটের মধ্যে রয়েছেন। জাতিসংঘ সতর্ক করেছে, সেখানে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা অত্যন্ত ভঙ্গুর। যেকোনো সময় আবার অবনতি ঘটতে পারে।
সুদানে প্রায় দুই কোটি মানুষ খাদ্যসংকটে
প্রতিবেদনে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত সুদানকে ঘিরে। দেশটির উত্তর দারফুর ও দক্ষিণ করদোফানের ১৩টি এলাকায় আগামী জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সর্বশেষ দেশব্যাপী খাদ্যনিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, সুদানে প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪১ শতাংশ, সংকটজনক পর্যায়ের বা তার চেয়েও ভয়াবহ ক্ষুধার মুখোমুখি।
বিশেষ করে দক্ষিণ দারফুরের ইস্টার্ন জেবেল মারা এলাকায় বাস্তুচ্যুত মানুষের দুটি আশ্রয়শিবিরে তীব্র অপুষ্টির হার ইতোমধ্যে দুর্ভিক্ষের নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। দীর্ঘদিনের সংঘাতের কারণে এসব অঞ্চলে খাদ্য উৎপাদন, সরবরাহ ও মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সুদানে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার পেছনে যুদ্ধের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধিও বড় ভূমিকা রাখছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে দেশটিতে জোয়ার বা সরগামের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ডিজেলের দামও আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। এতে কৃষিকাজ, খাদ্য পরিবহন ও সাধারণ মানুষের খাদ্য কেনার সক্ষমতা আরও কমে গেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত আবহাওয়ার বিরূপ প্রভাব। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার প্রাকৃতিক প্রক্রিয়া ‘এল নিনো’র কারণে সৃষ্ট খরা সুদানের কৃষি উৎপাদনকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। দেশটির অন্যতম প্রধান কৃষি অঞ্চল সেনার অঙ্গরাজ্যের প্রায় ৫৫ শতাংশ এবং গেদারেফ অঙ্গরাজ্যের প্রায় ৭০ শতাংশ ফসলি জমি খরার কবলে পড়েছে।
এফএওর উপমহাপরিচালক বেথ বেকডল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, সুদানের জন্য যুদ্ধের পাশাপাশি এল নিনো-সৃষ্ট খরা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংঘাতের কারণে আগে থেকেই দেশটির খাদ্য উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে খরা যুক্ত হওয়ায় কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়ছে।
ইয়েমেনে সংঘাত ও খাদ্যসংকটে বাড়ছে দুর্ভোগ
ইয়েমেনেও আগামী ছয় মাসে খাদ্যসংকট আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে জুলাই মাসে নতুন করে শুরু হওয়া সংঘাত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজে অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ার মধ্য দিয়ে ইয়েমেনে সংঘাতের সূচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটির সংঘাতে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এই যুদ্ধ দেশটির অর্থনীতি, কৃষি, খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।
সাম্প্রতিক সংঘাত তীব্র হওয়ার পর ইয়েমেনে তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অধিকাংশই তাইজ, লাহজ ও আদেন প্রদেশের বাসিন্দা। দেশটির সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেই বর্তমানে প্রায় ১৮ লাখ মানুষ জরুরি পর্যায়ের খাদ্যসংকটে রয়েছেন। আগের মূল্যায়নে এই সংখ্যা ছিল ১৬ লাখ। অর্থাৎ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোর খাদ্য পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন পাওয়া যায়নি। সংঘাত তীব্র হওয়ায় এসব এলাকায় ত্রাণ সংস্থাগুলোর প্রবেশ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ দেশব্যাপী তথ্য অনুযায়ী, ইয়েমেনে প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, সংকটজনক বা তার চেয়েও খারাপ খাদ্য পরিস্থিতির মধ্যে রয়েছেন।
বেথ বেকডল জানান, ইয়েমেনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক বাধার চেয়ে রাজনৈতিক বাধা বেশি বড় হয়ে উঠেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদেরও আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হুথি কর্তৃপক্ষের হাতে এখনো জাতিসংঘের ৭৩ জন কর্মী আটক রয়েছেন। তাঁদের মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের আটজন কর্মীও রয়েছেন।
জ্বালানি ও নৌপথের সংকটে হুমকির মুখে খাদ্য সরবরাহ
ইয়েমেন খাদ্য ও জ্বালানির চাহিদা পূরণে ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক নৌপথে অস্থিরতা দেশটির খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা ইয়েমেনের খাদ্য ও জ্বালানি সরবরাহব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
বর্তমানে হরমুজ প্রণালি, লোহিত সাগর ও কৃষ্ণ সাগরের বিভিন্ন নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে সার সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি, সার ও খাদ্যপণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে এর প্রভাব শুধু ইয়েমেন নয়, অন্যান্য আমদানিনির্ভর দেশেও পড়তে পারে।
কমছে আন্তর্জাতিক সহায়তা, বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি
জাতিসংঘের প্রতিবেদনে খাদ্যসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টিকেও অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বের প্রধান দাতা দেশগুলো মানবিক সহায়তার জন্য বরাদ্দ কমিয়ে দেওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্য ও পুষ্টি সহায়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ উদ্বেগের তালিকায় থাকা পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে খাদ্য ও পুষ্টি সহায়তা প্রায় ৬২ শতাংশ কমেছে। ইয়েমেনের ক্ষেত্রে এই সহায়তা কমেছে প্রায় ৭৯ শতাংশ। ফলে লাখ লাখ অসহায় মানুষ প্রয়োজনীয় খাদ্য, পুষ্টি ও জরুরি মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
বেথ বেকডল জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দাতা সরকারের নীতিগত পরিবর্তনের কারণে মানবিক ও উন্নয়নমূলক সহায়তার তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার কমে গেছে। এর ফলে ত্রাণ সংস্থাগুলো আগের মতো বিপুলসংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে পারছে না। অথচ সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন এমন সময়েই অর্থায়নের ঘাটতি দেখা দিচ্ছে।
তিনি আরও বলেন, শুধু সহায়তার অর্থের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, বরং সঠিক সময়ে সেই অর্থ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষকদের বীজ বপন ও ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে হবে। সময়মতো বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ করা গেলে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ খাদ্যসংকটের ঝুঁকিও কমানো সম্ভব।
এল নিনোর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন এফএওর এই কর্মকর্তা। তাঁর মতে, দুর্যোগ আঘাত হানার আগেই বীজ মজুদ, কৃষি সহায়তা এবং গবাদিপশু রক্ষার ব্যবস্থা করতে হবে। এতে সংকট তৈরি হওয়ার পর জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়ার পরিবর্তে আগেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।
বেথ বেকডল সতর্ক করে বলেন, প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় একবার পার হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে এখন সংস্থাগুলোকে মূলত ক্ষয়ক্ষতি ও ধ্বংসের পরিণতি মোকাবিলায় অর্থ ব্যয় করতে হচ্ছে।
সব মিলিয়ে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, জ্বালানির মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতা এবং মানবিক সহায়তা কমে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্যনিরাপত্তা পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে। জাতিসংঘের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা না গেলে আগামী ছয় মাসে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।