সারাবিশ্ব
সৌদির তেল শোধনাগারে হুতি হামলার নিন্দা কাতারের, পাশে থাকার ঘোষণা
সৌদি আরবের জাজান অঞ্চলে অবস্থিত একটি তেল শোধনাগারে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। গত বৃহস্পতিবারের ওই হামলায় একজন নিহত হওয়ার ঘটনাকে ‘নিন্দনীয় আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে দেশটি। একই সঙ্গে হামলাকে আন্তর্জাতিক আইনের বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে দোহা।
শুক্রবার (২৭ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে হামলায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি কাতারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব যেসব বৈধ পদক্ষেপ গ্রহণ করবে, তার প্রতি কাতারের পূর্ণ সমর্থন থাকবে। দেশটির মতে, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা কাতারের নিজস্ব নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থারও অবিচ্ছেদ্য অংশ। তাই সৌদি আরবের ওপর যেকোনো ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত এড়াতে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি আবারও সামনে এসেছে। সৌদি আরবের প্রতি কাতারের এই সমর্থন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছে।
সূত্র: আল জাজিরা।