রাজনীতি
সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান সেতুমন্ত্রীর
শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং সুসংগঠিত জাতি গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তরুণদের মাঠমুখী করা এবং নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
মন্ত্রী বলেন, মার্শাল আর্টের মতো সুশৃঙ্খল খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা ও ফিটনেস বাড়ায় না, বরং মানুষের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, ধৈর্য ও শৃঙ্খলাবোধ তৈরি করে। একই সঙ্গে জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতাও গড়ে তোলে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মার্শাল আর্টের খেলোয়াড়রা এশিয়ান মার্শাল আর্ট গেমসের ছয়টি বিশেষ কৌশলসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনী পরিবেশন করেন। তাদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও নৈপুণ্যপূর্ণ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ সময় মার্শাল আর্টের বিভিন্ন কৌশল ও শারীরিক সক্ষমতার প্রদর্শনের মধ্য দিয়ে খেলাটির গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তব্যে সেতুমন্ত্রী ক্রীড়াক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শেখ রবিউল আলম বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষা কিংবা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার কৌশল নয়; এটি একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুসংগঠিত, আত্মবিশ্বাসী এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। একজন খেলোয়াড়ের মধ্যে যেমন শারীরিক সক্ষমতা থাকা প্রয়োজন, তেমনি তাঁর আচরণ, নৈতিকতা ও ব্যক্তিত্বেও ইতিবাচক বৈশিষ্ট্যের প্রতিফলন থাকা জরুরি।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিজেদের সুস্বাস্থ্য, শালীনতা ও উন্নত ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। তাঁদের জীবনযাপন ও আচরণ যেন সমাজের তরুণদের অনুপ্রাণিত করে এবং নতুন প্রজন্ম তাঁদের ইতিবাচক রোল মডেল বা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে, সে বিষয়েও সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, তরুণ সমাজকে নীতি, নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব অনেক। খেলাধুলা তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। দেশের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে আরও বেশি ক্রীড়ামুখী করার জন্য আয়োজক সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মাদকাসক্তি ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ তৈরি করা যায়।
তিনি তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।