সারাদেশ
অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর
আত্মশুদ্ধি অর্জন, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণের জন্য অন্তর থেকে অহংকার, বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, মানুষের অন্তরে অহংকার ও আমিত্বের কোনো স্থান থাকা উচিত নয়। বরং সব ধরনের বড়ত্বের অনুভূতি পরিহার করে আল্লাহর দরবারে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করতে হবে। পাশাপাশি প্রতিনিয়ত আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা চরমোনাই মাদরাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান বয়ানে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের জন্য প্রতিষ্ঠিত হয়নি। পথভোলা মানুষকে মহান আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া, মানুষকে আল্লাহমুখী করা এবং আত্মশুদ্ধির পথে পরিচালিত করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই। কেউ যদি এমন কোনো উদ্দেশ্য নিয়ে মাহফিলে এসে থাকেন, তাহলে নিজের নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, যারা প্রথমবার চরমোনাই মাহফিলে এসেছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান থাকবে-অন্তর থেকে দুনিয়ার মোহ, ধ্যান-ধারণা ও পার্থিব চিন্তা দূর করে আখেরাতের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। মাহফিলের সময়টুকু ইবাদত, জিকির ও আত্মশুদ্ধির কাজে ব্যয় করতে হবে। নিজেদের ভুল-ত্রুটি উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
উদ্বোধনী অধিবেশনে শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের আগে প্রত্যেক মুসলমানকে নিজ নিজ ব্যক্তিজীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে নিজের জীবনে যথাযথভাবে পালন করতে হবে। ব্যক্তি নিজে ইসলামের নির্দেশনা মেনে না চললে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বিশেষভাবে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান পর্দা পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে পর্দার বিধান মেনে চলতে হবে। এ বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে ইসলামের এ গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যক্তিজীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও সহজ ও ত্বরান্বিত হবে।
শায়খে চরমোনাই আরও বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিমণ্ডল, সামাজিক কার্যক্রম এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই ইসলামের আদর্শ ও বিধান বাস্তবায়ন করতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামের নির্দেশনা অনুসরণের মাধ্যমেই একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব।
পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশে মাহফিলের নিয়ম-কানুন, আদব, শৃঙ্খলা ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। মাহফিলের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ইবাদত-বন্দেগি ও বয়ান শোনার ক্ষেত্রে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
তিন দিনব্যাপী এ মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি চরমোনাইয়ে সমবেত হয়েছেন। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা মাহফিলের বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আয়োজকদের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দুটি বয়ান পেশ করবেন।
মূল বয়ান ও ইবাদত-বন্দেগির পাশাপাশি মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি, সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের সমাপ্তি ঘটবে।