সারাদেশ

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়
ছবি: সংগৃহীত

রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিরাজগঞ্জ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করার জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি, বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ ও কোবদাসপাড়া।

এ ছাড়া রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা ও নলিছাপাড়াসহ আশপাশের এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, উপকেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানানো হয়েছে।