সারাদেশ

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শীতের অনুভূতি বাড়ছে জেলাজুড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। বিশেষ করে ভোর ও সকালে কুয়াশার চাদরে ঢেকে থাকছে জেলার বিভিন্ন এলাকা। হিমেল বাতাসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতায় শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে টানা পাঁচ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হলো।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি এবং মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এতে সকালবেলায় স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তাপমাত্রা কমতে থাকায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি হচ্ছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষকে শীতের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।